গোপালগঞ্জে স্কুলছাত্রীকে গলা-পায়ের রগ কেটে হত্যা
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমা খানম নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ভিটা থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমা খানম কাশিয়ানী উপজেলার রাতইল ইউপির চাপ্তা গ্রামের মো. মিজান শেখের মেয়ে ও চাপতা ২২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

কাশিয়ানী থানার এসআই গনেশ বিশ্বাস জানান, বুধবার কাশিয়ানী উপজেলার চাপ্তা রেলস্টেশন থেকে নিখোঁজ হয় সুমা। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বৃহস্পতিবার ভোরে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ভিটায় সুমার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, সুমার গলা হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।