ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গুম-হত্যা মামলায় সাবেক এমপি মুক্তাকে কারাগারে

মো. আশিকুর রহমান মো. আশিকুর রহমান
প্রকাশিত: ১১:৫২, ৬ অক্টোবর ২০২৬
গুম-হত্যা মামলায় সাবেক এমপি মুক্তাকে কারাগারে
ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় গ্রেফতার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে আদালতে হাজির করা হলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলাটির কোনো সরাসরি শুনানি হয়নি। মুক্তা আদালতের হাজতে ছিলেন। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে তার বাবা মনু মিয়া ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আল আমিনকে গুম ও হত্যার অভিযোগের মামলাসহ বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মুক্তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল সাবেক এমপি মুক্তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে হাজির করার পর বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!