ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
পঞ্চগড়ের তুলারডাঙ্গা এলাকায় নিচু জমি থেকে ব্যবসায়ী রেজাউল করিম রেজার মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড় জেলা শহরের তুলারডাঙ্গা এলাকায় নিচু জমি থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ইসলাম ফ্লাওয়ার মিলের পাশের ওই স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে বসবাস করতেন। পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে রেজা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তুলারডাঙ্গা এলাকায় একটি নিচু জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

Advertisement

খবর পেয়ে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তারা সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে রেজার ঝগড়া হয়েছিল। তার স্ত্রী কোহিনুর বেগম বলেন, রেজা নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। মঙ্গলবার রাতে ওষুধ সেবন করে বাড়ি ফেরার পর তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। রাত ১২টার দিকে রেজা বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে তার মরদেহ উদ্ধারের খবর পান তারা।

তবে রেজার বাবা মোস্তফা কামাল দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার দাবি করেন।

পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম বলেন, রেজার মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!