ইন্টার্নশিপে মালয়েশিয়া যাচ্ছে শেকৃবির ৫৬ শিক্ষার্থী
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
এ বছর মালয়েশিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ৫৬ জন ভেটেরিনারিয়ান ৬ মাসের ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করবে। ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার অধীনে ১৭ দিন ইন্টার্নশিপ করবে শিক্ষার্থীরা।
এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
.png)
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, রেনাটা এনিমেল হেলথ ডিভিশনের ম্যানেজার ড. মু. সাইদুর রহমান সুমন।
মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কে বিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও ইন্টার্নশিপ শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, একজন সফল ভেটেনারিয়ান হওয়ার জন্য ব্যবহারিক জ্ঞান থাকা অত্যাবশ্যক। কোন রোগের প্রকৃত সমস্যা জেনে তারপর চিকিৎসা প্রদান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার বছরের তাত্ত্বিক জ্ঞানকে হাতে কলমে শেখার মাধ্যমে ভেটেরিনারি কোর্স পরিপূর্ণতা পাবে। ইন্টার্নশিপের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মাঠ পর্যায়ের কৃষকদের সাথে কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে।