লুৎফুজ্জামান বাবরের অর্থায়নে ওমরাহে গেলেন ৪৭ নেতাকর্মী
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনী এলাকার নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বাবর নিজস্ব অর্থায়নে তাদের ওমরাহ পালনের ব্যবস্থা করেছেন।
.png)
হায়দার আলীর দেওয়া তথ্য অনুযায়ী, ৪৭ জনের মধ্যে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন রয়েছেন। তিনিও কাফেলার সঙ্গে সৌদি আরব গেছেন। তবে লুৎফুজ্জামান বাবর নিজে তাদের সঙ্গে যাননি।
ওমরাহ পালনে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল এবং খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানও রয়েছেন।
মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল বলেন, বাবর নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং নেতাকর্মীদেরও তা অনুসরণ করতে উৎসাহিত করেন। এ উদ্দেশ্যেই তাদের ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।