নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন: ফাহিম ফারুকী
দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তার কথা বলেছেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী। তাঁর দাবি, দুই রাজনৈতিক দল নিজেদের মধ্যে দেশ পরিচালনার ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে ব্যস্ত। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে জনবিস্ফোরণের আশঙ্কা তৈরি হতে পারে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ফাহিম ফারুকী।
.png)
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগের বিষয়গুলোর একটি হলো জননিরাপত্তা। খুন, শিশু নির্যাতন, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় মানুষের উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
ফাহিম ফারুকীর দাবি, জনগণের মৌলিক সমস্যা ও নিরাপত্তার প্রশ্নে বিরোধী দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তার বিষয়গুলো কার্যকরভাবে তুলে ধরার মতো শক্তিশালী রাজনৈতিক কণ্ঠস্বরও নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দুই রাজনৈতিক দল নিজেদের মধ্যে ভাগাভাগি করে দেশ পরিচালনার রাজনীতিতে ব্যস্ত রয়েছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে জনবিস্ফোরণের আশঙ্কা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে পুলিশ ‘অতি উৎসাহী’ হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়েছে বলেও অভিযোগ করেন ফাহিম ফারুকী। তাঁর মতে, গুরুত্বপূর্ণ এসব বিষয়ে বিরোধী দলের নীরবতা জনগণের সামনে নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করছে।
ফাহিম ফারুকী বলেন, বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি প্রয়োজন এবং সেই শক্তি তৈরি হচ্ছে। জনগণের অধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থের প্রশ্নে একটি দায়িত্বশীল ও কার্যকর রাজনৈতিক শক্তির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।