আমিষহীন ভারতের পার্লামেন্টের ক্যান্টিন
ভারতের পার্লামেন্টের ক্যান্টিনে বিরিয়ানি, চিকেন কাটলেট, ফিশ অ্যান্ড চিপস ছিল ‘সিগনেচার ডিশ’। এবার সেই সিগনেচার ডিশগুলো থেকে বেরিয়ে আসছে ক্যান্টিনটি। খুব শিগগিরই আমিষহীন হয়ে যাবে ভারতের পার্লামেন্টের ক্যান্টিন।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, খুব শিগগিরই পুরোপুরি নিরামিষ খাবার মিলবে পার্লামেন্টের ক্যান্টিনে।আর কারণ হিসেবে দেখানো হয়েছে, মাত্রাতিরিক্ত কম দামী খাবার যা ক্যান্টিন বাবদ সরকারি ভর্তুকির পরিমাণ বাড়াচ্ছে।
আইআরসিটিসি-র বদলে এবার ক্যান্টিন পরিচালনার দায়িত্বে বিকানিরওয়ালা বা হলদিরামের মধ্যে কোনো একটি বেসরকারি সংস্থা আসতে চলেছে। এই দুটি সংস্থাই সম্পূর্ণ নিরামিষ খাবার বিক্রি করে। তাই পার্লামেন্টের ক্যান্টিনের দায়িত্বে এই দুটি সংস্থার একটি এলে সেখানে যে আর আমিষ পদ মিলবে না, তা স্পষ্ট।
জানা গেছে খাবারের মান নিয়ে একাধিক অভিযোগ ওঠায় আইআরসিটিসি-কে ক্যান্টিনের দায়িত্ব থেকে সরানো হচ্ছে। নতুন সংস্থাকে 'লাভও নয়, ক্ষতিও নয়' এই ভিত্তিতে খাবার বিক্রির নির্দেশ দেয়া হবে। এবার সংসদে ক্যান্টিনে খাবারের দাম অনেকটাই বাড়বে। ভর্তুকি উঠে গেলে বছরে ১৭ কোটি টাকা বাঁচবে সরকারি কোষাগারের।
তবে লোকসভার স্পিকার ওম বিড়লা খুব শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।