হাফতার বাহিনীকে ‘উচিত শিক্ষা’ দেয়ার হুঁশিয়ারি এরদোগানের
লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার ও তার বাহিনী যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লিবিয়ার সরকারের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে তাহলে তাদের উচিত শিক্ষা দেয়া হবে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
মঙ্গলবার রাশিয়া ও তুরস্কের উদ্যোগে অস্ত্রবিরতি চুক্তিতে হাফতার রাজি না হওয়ার ঠিক একদিন পরেই তিনি এ হুঁশিয়ারি দিলেন।
গত নয় মাস ধরে লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হাফতার বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। তুরস্ক ও রাশিয়ার মধ্যস্ততায় একটি অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করে জাতিসংঘ সমর্থিত সরকার। কিন্তু মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর না করে মস্কো ছাড়েন হাফতার।
.png)
এদিকে হাফতার চুক্তি স্বাক্ষর না করলেও তা নিয়ে ইতিবাচক বিবেচনার জন্য দুই দিন সময় চাওয়ার বিষয়ে কথা বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জানুয়ারির শুরুতে তুরস্কের পার্লামেন্টে হাফতারকে মোকাবিলায় ত্রিপোলিতে সেনা মোতায়েনের পক্ষে একটি সিদ্ধান্ত পাস করেছে। এ বিষয়ে হাফতার বাহিনীকে সমর্থন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান ও রাশিয়ার যোদ্ধারা।
বুধবার এক ভাষণে এরদোগান বলেছেন, অভ্যুত্থান প্রচেষ্টাকারী হাফতার যদি লিবিয়ার বৈধ প্রশাসন এবং আমাদের ভাইদের ওপর হামলা অব্যাহত রাখেন তাহলে তাকে উচিত শিক্ষা দিতে মোটেই দ্বিধা করবে না তুরস্ক। লিবিয়ায় স্বজনদের রক্ষা করা আমাদের দায়িত্ব।
তিনি আরো বলেন, লিবিয়ার সঙ্গে তুরস্কের ঐতিহাসিক ও সামাজিক সম্পর্ক রয়েছে। তুরস্ক হস্তক্ষেপ না করলে হাফতার পুরো দেশটিকে দখল করে ফেলতেন। আগামী রোববার বার্লিনে জার্মানি, যুক্তরাজ্য ও রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের আয়োজনে বৈঠকে অংশ গ্রহণ করবে আঙ্কারা। তবে এ বিষয়টি নিয়ে আলোচনা করবে ইউরোপ, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা ইউনিয়ন ও আরব লিগ।
সূত্র: আল জাজিরা