ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সাসেক্সে খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাপ্পী!

এস আই রাসেল
প্রকাশিত: ১৮:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২০
সাসেক্সে খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাপ্পী!
ছবি : সংগৃহীত

‘আমি দেশের জন্য কিছু করতে চাই। বাংলাদেশের পতাকা বিশ্ব দরবারে উঁচিয়ে ধরতে চাই। আমি ক্রিকেট খেলি। তবে তা দেশের জন্যই চাই।’ এমনটাই বলছিলেন লন্ডন প্রবাসী বাপ্পী চৌধুরী। দেশের হয়ে যে ইতিহাস সৃষ্টির পথে হাঁটছেন বাপ্পী।  মুস্তাফিজের পর প্রথম ব্যক্তি হিসেবে সাসেক্সের ট্রায়ালে ডাক পেয়েছেন বাপ্পী।

সর্বশেষ ২০১৬ সালে কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। এরপর সে পথে এগোচ্ছেন বাপ্পী চৌধুরী।

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে এক অপরিচিত নাম বাপ্পী চৌধুরী (মোহাম্মদ বদরুল আলম চৌধুরী)। অপরিচিত হলেও বিশ্বের বিভিন্ন দেশে লাল-সবুজ পতাকা বয়ে বেড়াচ্ছেন তিনি। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ট্রায়ালের পর কাউন্টিতে খেলার সুযোগ মিলতে পারে তার। সুযোগ হলে ‘দ্য ফিজ’-এর পর তিনিই হবেন সাসেক্সে খেলা দ্বিতীয় বাংলাদেশি।

সিলেটের দক্ষিণ সুরমার নৈখাই গ্রামেই বেড়ে ওঠে বাপ্পী চৌধুরী। বাবা মরহুম কামাল আলম চৌধুরী ও মা আতিকা চৌধুরী। বাপ্পী সিলেটের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স ও লন্ডনের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইনফরমেশন টেকনোলোজি তে মাস্টার্স শেষ করেছেন।  পড়াশোনার পাশাপাশি চালিয়ে গেছেন নিজের ধ্যানজ্ঞান ক্রিকেট। 

ছবি : সংগৃহীত

স্কুলজীবন থেকে ক্রিকেটে বাপ্পীর পথচলা শুরু। ২০০৬ সাল থেকে সিলেটের বিভিন্ন ক্রিকেট লিগে খেলেছেন বাপ্পী।  খেলেছেন হোয়াইট মোহামেডান, ইয়ং ভিক্টর, ওয়ান্ডারার্স, ব্লু-নবাগত, ইসমাইল স্পোর্টিং ক্লাব, বঙ্গবীর অগ্রগামীতে। 

দেশের মাটিতে লম্বা সময় ক্রিকেট খেলা বাপ্পী এরপর থিতু হন যুক্তরাজ্যে। ২০১৪ সালে যুক্তরাজ্যে স্থায়ীভাবে চলে যান। সেখানেই প্রফেশনাল ক্রিকেটে যাত্রা শুরু তার। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টেও অংশগ্রহণ করেন বাপ্পী। এছাড়া দেশে এসে এখনো বিভিন্ন লিগে নিয়মিত খেলেন এ অলরাউন্ডার। 

এ বছরই ঢাকা প্রিমিয়ার লিগে পার্টেক্স গ্রুপের হয়ে ব্যাটে হাতে মাঠে দেখা যাবে বাপ্পীকে। ডেইলি বাংলাদেশকে এমনটাই জানান তিনি। তাকে সুযোগ দেয়ার জন্য পার্টেক্স গ্রুপকেও ধন্যবাদে দিতে ভোলেননি এ অলরাউন্ডার।

ছবি : সংগৃহীত

বাপ্পী আরো জানান, এবারের বিশ্বকাপের সময় সংসদ সদস্যদের জন্য যে বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তাদের বাইরেও তিন বাংলাদেশি খেলার সুযোগ পেয়েছিল তার মধ্যে বাপ্পী একজন। 

ক্রিকেট খেলার পাশাপাশি তিনি অর্জন করেছেন ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে লেভেল-২ কোচের সনদ। এটাও তাঁর ক্রিকেট সাধনার অন্যরকম এক প্রাপ্তি।

বাপ্পী যুক্তরাজ্যে বিভিন্ন পর্যায়ের ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি ঘুরে বেড়িয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। খেলেছেন ইংলান্ডের টি-টোয়েন্টি প্রো, ক্যারিবিয়ান টি-টেন লিগ, ইউএস টি-টেনসহ বিভিন্ন টুর্নামেন্ট।  ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ছোট্ট পরিসরে তিনি বেশ পরিচিত।

ছবি : সংগৃহীত

ওপেনিং ব্যাটসম্যান আর মিডিয়াম পেসার বাপ্পী সাসেক্সের নজরে আছেন দীর্ঘদিন ধরে। তাকে দলে ভেড়ানোর সর্বশেষ ধাপে আছে সাসেক্স ম্যানেজমেন্ট। তাই কাউন্টি ক্রিকেটে খেলার স্বপ্ন হয়তো শিগগিরই ধরা দেবে বলে জানিয়েছেন বাপ্পী। 

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে বাপ্পী জানান, টাইগারদের জার্সি গায়ে পড়ার স্বপ্নের কথা। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকা বয়ে বেড়াচ্ছেন বাপ্পী। তবে টাইগারদের লাল-সবুজ গায়ে দিতে আর খুব শিগগিরই খেলতে চান বাংলাদেশ জাতীয় দলের হয়ে। সেই স্বপ্ন শুধু বুকে ধারণ নয় বাস্তবে রূপ দিতে চালিয়ে যাচ্ছেন কঠোর পরিশ্রম।

ডেইলি-বাংলাদেশ/আরএস/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!