[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় শীর্ষ দুই চোরাকারবারী একদিনের রিমান্ডে
আলফা ও আলিম। ছবি: ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারী আলফা ও আলিমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক রেজওয়ানুজ্জামান এ আবেদন মঞ্জুর করেন।
সাতক্ষীরা সদর কোর্ট পরিদর্শক অমল কুমার জানান, সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গত ১ জানুয়ারি আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আজ শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করে।
জানা গেছে, দুই সহোদর আলফা ও আলিম দেবহাটা উপজেলার পারুলিয়া ইউপির কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে।
আলফা ও আলিমকে গত ৩১ ডিসেম্বর গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। এই দুই চোরাকারবারীসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বিজিবি’র হাবিলদার মো. মোহসীন আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন।
প্রসঙ্গত, শীর্ষ চোরাকারবারী আলফা মাদক মামলায় এরই মধ্যে সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে কয়েক মাস জেল খেটেছেন। পরবর্তীতে উচ্চ আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে আসেন। এছাড়া আলফার সহোদর আলিম বিজিবি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!