নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি ও হুমকির অভিযোগে গ্রেফতার ১
নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানার বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন "নয়ন খাবার হোটেল"-এর স্বত্বাধিকারী নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০)।
অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ওই নারী নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় বিবাদী জাহাঙ্গীর আলম পিছন থেকে এসে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। ভুক্তভোগী বাধা দিলে বিবাদী দ্রুত দোকান থেকে সটকে পড়ে।
পরবর্তীতে একই দিন বিকেল ৪:০০ ঘটিকার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজনরা এ ঘটনার প্রতিবাদ করলে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করে এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।