ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদনে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ৬ অক্টোবর ২০২৬
মদনে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মদনে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদনে কৃষক বাচ্চু মিয়া (৬৫) হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম ওরফে কুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে কৌশলে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আতিকুল ইসলাম উপজেলার উত্তর মাখনা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ বিকেলে বাচ্চু মিয়া হাওরে নিজের জমি দেখতে যান। সেখানে কয়েকজন ব্যক্তিকে গরু দিয়ে তার জমির ধান নষ্ট করতে দেখেন। তিনি গরুগুলো সরিয়ে নিতে বললে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় প্রধান আসামি আতিকুল ইসলাম হাতে থাকা গরুর কাঠের মুগুর দিয়ে বাচ্চু মিয়ার মাথায় আঘাত করেন। এতে তার কপালের বাঁ পাশে গুরুতর জখম হয়। আঘাতে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে যান। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মদন থানায় হত্যা মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকে আতিকুল ইসলাম পলাতক ছিলেন।

পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) হাসানুর রহমান তথ্য-প্রযুক্তির সহায়তায় আতিকুলের অবস্থান শনাক্ত করেন। পরে কৌশল অবলম্বন করে গতকাল রাত ১১টার দিকে উপজেলার মাখনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দীন করিম বলেন, কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!