সাজেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল পাঁচ শিশু
রাঙামাটির সাজেকে হামে আক্রান্ত হয়ে ১৭ দিন চিকিৎসার পর সুস্থ বাড়ি ফিরেছে পাঁচ শিশু। তারা হলো- সাজেকের লংথিয়ান পাড়ার অনি ভূষণ ত্রিপুরার ছেলে প্রতিল ত্রিপুরা, রোকেন্দ্র ত্রিপুরা, রাজেন্দ্র ত্রিপুরা, নহেন্দ্র ত্রিপুরা, দীপায়ন ত্রিপুরা।
শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।
অনি ভূষণ ত্রিপুরা বলেন, হামে আক্রান্ত হয়ে আমাদের গ্রামের কয়েকজন শিশু মারা গেছে। স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় আমার পাঁচ ছেলেকে বাঁচাতে পেরেছি।
.png)
সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন বলেন, দুর্গম এলাকা হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া কঠিন। জেলা স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় ওই পাঁচ ভাইয়ের উন্নত চিকিৎসা সম্ভব হয়েছে।
রাঙামাটি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সাজেকের ১০-১২টি গ্রামে ২৬ ফেব্রুয়ারি হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এ পর্যন্ত হামে আট শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে আড়াই শতাধিক। ২৪ মার্চ থেকে সেখানে স্বাস্থ্য বিভাগের তিনটি মেডিকেল টিম কাজ করছে। ৭ এপ্রিল থেকে সাজেকে বিশেষভাবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। তিনটি ক্যাম্পেইনের আওতায় সবগুলো গ্রামের ৬ মাস থেকে ১৫ বছর বয়সী ১২ হাজার শিশুকে টিকা দেয়া হচ্ছে।