ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সংবাদ প্রকাশের জেরে রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ২ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশের জেরে রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিঞা নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম চোখের ওপরের অংশে গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এসে তার বড় ভাই মাসুদ মিঞাও হামলার শিকার হন। তার পকেট থেকে ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার মঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাছুম মিঞা দৈনিক যুগযুগান্তর ও অনলাইন সংবাদমাধ্যম এমএইচ নিউজ-২৪-এর রূপগঞ্জ প্রতিনিধি।

এ ঘটনায় মাছুম মিঞা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

Advertisement

অভিযোগে মাছুম মিঞা উল্লেখ করেন, গত ১৩ আগস্ট অভিযুক্তদের নিয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার পথরোধ করেন।

একপর্যায়ে অভিযুক্তদের একজন চাপাতি দিয়ে তার বাম চোখের ওপরের অংশে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। তাকে রক্ষা করতে বড় ভাই মাসুদ মিঞা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে তার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিক ও তার ভাই চিকিৎসা নেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রূপগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, সাংবাদিকের লিখিত অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!