ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ২ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
গোয়ালন্দে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা।

Advertisement

সভাপতির বক্তব্যে সাইফুল হুদা বলেন, জাতীয় উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রত্যেককে নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও উপজেলা পোল্ট্রি হ্যাচারি মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তরুণ উদ্যোক্তা ফারদিন, পোল্ট্রি ব্যবসায়ী আজাহার উদ্দিন, নারী উদ্যোক্তা জাসমা মাহবুব এবং উপজেলা জেলে সংগঠনের সভাপতি আসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি, পোল্ট্রি-হ্যাচারি, শিল্প ও সেবা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার চর্চা বাড়ানো গেলে উৎপাদনশীলতা আরও বাড়বে। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভায় তরুণ প্রজন্মকে দক্ষতা উন্নয়নে উৎসাহিত করার পাশাপাশি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে কাজের মান বাড়ানোর আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!