যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বান, ইরানের প্রত্যাখ্যান
ইরানের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে মজিদ তখত রাভানচি। তিনি জাতিসংঘে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের আহ্বানকে প্রত্যাখ্যান করে এটিকে নিষেধাজ্ঞার মধ্যে অবিশ্বাস্য বলেও উল্লেখ করেন মজিদ।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। তিনি বলেন, তেহরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহযোগিতার জন্য আহ্বান করেছেন এটা অবিশ্বাস্য।
ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্পকে উদ্দেশ করে ইরান প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বলে মনে করা হচ্ছে।
.png)
জাতিসংঘে দেয়া এক চিঠিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে ইরানের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত রয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া ওই চিঠিতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে প্রস্তুত রয়েছে।
তবে ওই চিঠিতে সোলাইমানি হত্যাকাণ্ড সঠিক পদক্ষেপ ছিল বলে উল্লেখ করা হয়।
অন্যদিকে জাতিসংঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে ইরানও চিঠির মাধ্যমে মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরেছে।