ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহা আইনি স্বীকৃতি পেয়েছে। নতুন আইনের ফলে মুসলিম কর্মীরা বিদ্যমান ছুটির সুবিধা ব্যবহার করে ঈদ পালনের সুযোগ পাবেন। স্থানীয় সিদ্ধান্ত অনুযায়ী সরকারি স্কুল ও কমিউনিটি কলেজও ঈদের দিন বন্ধ রাখা যাবে।

অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম ২৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত এবি ২০১৭ বিলে অনুমোদন দেন। একই দিন বিলটি স্টেট সেক্রেটারির দপ্তরে নথিভুক্ত করা হয়।

Advertisement

আইন অনুযায়ী, যোগ্য অঙ্গরাজ্য কর্মীরা ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালনের জন্য আট ঘণ্টা পর্যন্ত ভ্যাকেশন, বার্ষিক ছুটি, কমপেনসেটিং টাইম অফ বা ব্যক্তিগত ছুটির ক্রেডিট ব্যবহার করতে পারবেন। তবে ঈদের জন্য ক্যালিফোর্নিয়ার সব কর্মী নতুন করে দুই দিন বেতনসহ ছুটি পাবেন না। আইনে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্যের ছুটির তালিকায় রাখা হলেও বিচারিক ছুটির তালিকায় রাখা হয়নি।

বিলটির উদ্যোক্তা অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি বলেন, ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর বসবাস। তাদের ধর্মীয় উৎসবের স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

ক্যালিফোর্নিয়ার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর-সিএ) অঙ্গরাজ্য শাখা বিলটিকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মতে, নতুন আইন মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের স্কুল ও কর্মক্ষেত্রের দায়িত্বের পাশাপাশি ঈদ পালনের সুযোগ সহজ করবে।

সিএআইআর-সিএর দাবি, ক্যালিফোর্নিয়ায় ১০ লাখের বেশি মুসলিম বাস করেন। সূত্র: জিও নিউজ

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!