মাগুরায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মাগুরায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে জেলার মধ্যে সেরা হয়েছে শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল।
বৃত্তির সাফল্যে প্রতিষ্ঠান প্রাঙ্গণে সোমবার বিকেলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিষ্টিমুখ করানো হয়েছে।
২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ছিল। তার মধ্যে ৩০ জন ট্যালেন্টপুল ও ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।
২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪ জন বৃত্তি নিয়ে পাঠশালা দ্বিতীয়, ১২ জন বৃত্তি নিয়ে পিটিআই পরীক্ষণ বিদ্যালয় তৃতীয় অবস্থানে রয়েছে ।
শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের এ অভাবনীয় সাফল্যে প্রতিষ্ঠান প্রধান মোস্তফা আহসান উল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের মাঝে মান সম্মত শিক্ষা ব্যবস্থা প্রদান করাই আমাদের একান্ত লক্ষ্য।
পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের আচার-আচারণ, নিয়ম-শৃঙ্খলা, সাধারণ জ্ঞান ও ধর্মীয় শিক্ষা শেখানোর চেষ্টা করছি। শিক্ষাথীদের এ সাফল্যে খুব খুশি।
প্রতিষ্ঠানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, চেষ্টা আর শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের ফলে আমরা নিদিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
আগামীতে আরো ভালো ফলাফলে আমরা খুব আশাবাদী।