বিপুল পরিমাণ বিয়ার ও মদ উদ্ধার
রাজধানী হাতিরঝিলের নয়াটোলা থেকে বিপুল পরিমাণে বিদেশি বিয়ার ও মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। তাদের নাম- নায়েব আলী (৩৬) ও সহিদ (৪৮)। তাদের কাছ থেকে ৫২২ ক্যান বিয়ার ও ২৪ বোতল মদ উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাতে নয়াটোলা মধুবাগ থেকে ১টি প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে নয়াটোলা মধুবাগে রাস্তায় চেকপোস্ট স্থাপন করে র্যাব। রাত সাড়ে ১০টার দিকে দ্রুত বেগে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টে থামানো হয়। প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-এঅ ২২০৬) থামিয়ে পালানোর চেষ্টার সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি ৫২২ ক্যান বিয়ার ও ২৪ বোতল হুইস্কি মদ, ৩টি মোবাইল ফোন ও ১৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা বিয়ার ও মদের মূল্য ২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসায় জড়িত। উদ্ধার করা বিয়ার ও হুইস্কি মানিকগঞ্জের এক ব্যক্তির কাছ থেকে কিনে রাজধানী ও আশপাশে বিক্রির জন্য এনেছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে