ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নার্সারিতে স্বাবলম্বী জসিম

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ৩ ফেব্রুয়ারি ২০২০
নার্সারিতে স্বাবলম্বী জসিম
ছবি: ডেইলি বাংলাদেশ

জীবিকার তাগিদে কখনো ঠেলা গাড়ি ঠেলেছেন, কখনো নদী থেকে বালু-পাথর তুলেছেন। কিন্তু কিছুতেই স্বচ্ছলতা পাননি সুনামগঞ্জের তাহিরপুরের মো. জসিম উদ্দিন।

বছরের পর বছর সংগ্রামের পর ২০০৭ সালে বাবার অনুপ্রেরণায় গড়ে তুলেছেন ছোট একটি নার্সারি। ছোট পরিসরে শুরু করে ভালো সাড়া পাওয়ায় ধীরে ধীরে বড় করেছেন নার্সারির পরিধি। এতেই সফলতা পেয়েছেন তাহিরপুরে বাদাঘাট ইউপির মোল্লা পাড়ার ধন মিয়ার ছেলে জসিম।

তিনি জানান, প্রথমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাছের চারা এনে বিক্রি করতেন। পরে নিজের নার্সারিতেই চারা উৎপাদন শুরু করেন। এতে ভাল লাভ পাওয়ায় বড় পরিসরে কাজ শুরু করেন।

চারার পরিচর্যা করছেন জসিম উদ্দিন

জসিম উদ্দিন জানান, কোনো প্রশিক্ষণ ছাড়াই বাদাঘাট সরকারি কলেজের পাশে ৩৭ শতাংশ জায়গা ভাড়া নিয়ে নার্সারি গড়ে তোলেন তিনি। নাম দিয়েছেন আশা মনি নার্সারি। এ নার্সারির আয়েই সংসার চলে তার।

২০০৭ সাল থেকে তিলে তিলে গড়ে তোলা নার্সারিতে ১৪ হাজারের বেশি ফুল-ফল-ওষধি গাছের চারা রয়েছে। এসব চারা কখনো সরাসরি নার্সারি থেকে, কখনো স্থানীয় বাজারে বিক্রি হয়। নার্সারির আয়ে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভালোই চলছে তার সংসার।

তাহিরপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিটন চন্দ্র পাল জানান, জসিম উদ্দিনের নার্সারি এরইমধ্যে সৌখিন ব্যক্তি ও পেশাজীবীদের মধ্যে সাড়া ফেলেছে। নারসারির পরিচর্যায় তাকে নিয়মিত পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!