নারী সহকর্মীর সঙ্গে নাগিন ড্যান্স, শিক্ষক রবখাস্ত
এবার তিন শিক্ষক নাগিন নাচ নেচে ফেঁসে গেছেন। ট্রেনিং চলাকালে কয়েকজন শিক্ষকের নাগিন ড্যান্সের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত বুধবার ভারতের রাজস্থানের জালোরে একটি টিচার্স ট্রেনিং সেন্টারে এমন অবাক কাণ্ড ঘটেছে। এ নিয়ে প্রথমে অনেকেই হতবাক হলেও পরে বিষয়টি নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন।
এ ঘটনায় এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুই শিক্ষককে শোকজ নোটিশ দেয়া হয়েছে। জবাবে কর্তৃপক্ষ সন্তুষ্ট না হলে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যরাও বরখাস্ত হতে পারেন।
.png)
ওই ভিডিওতে দেখা গেছে, এক নারী শিক্ষক শ্রেণিকক্ষের মেঝেতে নাগিন হয়ে ফণা তুলছেন। অপর এক শিক্ষক হাতের রুমালকে বীণ বানিয়ে বাজানোর অভিনয় করছেন। তার বীণে সেই শিক্ষিকা নাচছেন। কখনো ছোবল দিতে উদ্যত হয়েছেন। অন্যরা পুরো বিষয়টি উপভোগ করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার জালোরে শিক্ষকদের একটি ট্রেনিং চলাকালে বিরতিতে একঘেয়েমি দূর করতে নাগিন ড্যান্সে অংশ নেন তিন শিক্ষক। তাদের মধ্যে একজন ছিলেন ওই ট্রেনিংয়ের প্রধান ট্রেনার।
আর সেই ভিডিও ভাইরাল হওয়াই তিন শিক্ষকের কাল হয়ে দাঁড়াল। আচরণবিধি ভঙ্গের অভিযোগে ট্রেনারকে বরখাস্ত করেছে জালোরের জেলা শিক্ষা অধিদফতর।
এ বিষয়ে জালোরের জেলা শিক্ষা কর্মকর্তা অশোক রোয়েশ্বল বলেন, যে শিক্ষক নাগিন ড্যান্সের আয়োজনে ছিলেন, আমরা তাকে বরখাস্ত করেছি। নাচে অংশ নেয়া অন্য দুই শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছি। তাদেরকে সতর্ক করা হয়েছে।
অন্য দুজনকে বরখাস্ত না করে সতর্ক করা হলো কেন প্রশ্নে তিনি ভারতীয় ওই গণমাধ্যমকে জানান, ওই দুজন একেবারেই নতুন। হয়তো নিয়ম ঠিকমতো জানেন না। তাই তাদের সুযোগ দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, নাচে কোনো ক্ষতি নেই, কিন্তু আচরণবিধি তো মানা উচিত। একজন ট্রেনার এমনটা করলে কীভাবে ট্রেনিং চলবে? এদিকে নাচের কারণে শিক্ষকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ায় শিক্ষা অধিদফতরের কঠোর সমালোচনা করেছেন ওই জেলার বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষকরা। এ নিয়ে নানা প্রশ্ন করছেন তারা।
সম্প্রতি দেশটির রাজস্থানে মাতাল বরের নাগিন ড্যান্স দেখে বিয়ে ভেঙে দিয়েছিলেন কনে। এবার প্রায় একই ধরনের কাণ্ড করলেন ওই শিক্ষকরা।