দেয়ালে আঁকা ছবিতেই ফুল দিলো ৯৯৪ স্কুলের শিক্ষার্থী
চাঁদপুরে ১১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯৪টিতে নেই স্থায়ী শহিদ মিনার। এসব বিদ্যালয়ে দেয়ালে আঁকা শহিদ মিনারেই ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা।
সরেজমিনে সদর উপজেলার হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্কুলের দেয়ালে আঁকা শহিদ মিনার পরিষ্কার করছে একদল শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানায়, দূর-দূরান্তের স্কুলে শহিদ মিনার আছে। সেখানে যেতে কষ্ট হয়। তাই প্রতিবছর নিজেদের স্কুলের দেয়ালে আঁকা শহিদ মিনারেই ফুল দেয় তারা।
হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা জানান, শহিদ মিনার নির্মাণের বিষয়ে শিক্ষা অফিসে আবেদন করা হয়েছে। যতদিন না শহিদ মিনার হচ্ছে, ততদিন দেয়ালে আঁকা ছবিতেই শহিদ দিবসের কর্মসূচি পালন করা হবে।
তিনি আরো জানান, প্রতিটি স্কুলে শহিদ মিনার থাকলে শিক্ষার্থীরা আরো সহজে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে। স্কুলগুলোতেও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলাদা কর্মসূচি পালন করা সম্ভব হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, চাঁদপুরের প্রায় এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শহিদ মিনার নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ করা হবে।