ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ৫ অক্টোবর ২০২৬
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী
ছবি: ডেইলি বাংলাদেশ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা জোন আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

জোন এনসিও মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি; জোনের স্টাফ অফিসার মেজর সামিউল হক এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, প্রশিক্ষক সুলতান আহম্মেদ এবং প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে পাহাড়ি-বাঙালি তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে এ ধরনের ক্রীড়া কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি বলেন, “তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাটিরাঙ্গা জোন সবসময় স্থানীয় জনগণের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, ক্রীড়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা। তাঁরা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা ফুটবলের মৌলিক কৌশল, শৃঙ্খলা ও দলগতভাবে খেলার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আরও ভালো করতে এ প্রশিক্ষণ তাদের অনুপ্রাণিত করবে বলেও জানান তাঁরা। 

ডেইলি-বাংলাদেশ/মাটিরাঙ্গা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!