ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ৫ অক্টোবর ২০২৬
চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
চকরিয়া পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় এসব জরিমানা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে চকরিয়া পৌরসভার মগবাজার ও পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কক্সবাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ।

অভিযানে তাঁর সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হায়দার আলী এবং চকরিয়া থানার একটি দল।

অভিযান সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মগবাজারের আর রহমান বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় চিরিঙ্গার সাতকানিয়া স্টোর ও ফলের দোকান ‘ফল বিতানকে’ ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া কাঁচাবাজারের শাহ আমানত স্টোর ও আজাদ স্টোরে অনুমোদনবিহীন হিসেবে চিহ্নিত তেল বিক্রির দায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কাঁচাবাজারের টিপু স্টোরকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক বিক্রির জন্য নিষিদ্ধ ঘোষিত ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ‘কেওডাজল’ বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কক্সবাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!