টেস্টে মুস্তাফিজকে দক্ষতা বাড়াতে হবে
পাকিস্তান সফরের টেস্ট দলে জায়গা পাননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর তাই তাকে টেস্ট দলে সুযোগ পেতে বোলিং দক্ষতার আরো উন্নতি করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দল নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বড় ফরম্যাটে খারাপ ফর্মের কারনেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ হয়নি তার। ২০১৫ সালে অভিষেকের পর এই প্রথম অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন ফিজ। তবে ‘বাদ’ কথাটির সঙ্গে মুস্তাফিজকে মেলাতে চান না সুমন। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নিজের বোলিং দক্ষতা উন্নতির জন্য সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ।
হাবিবুল বাশার বলেন, আমি বলব না, তাকে বাদ দেয়া হয়েছে। আমি এটিও বলবো না, সে বিশ্রাম পেয়েছে। যেহেতু প্রথম শ্রেনির ক্রিকেট চলছে, আমরা মনে করি- নিজের ভুলগুলো শুধরানোর জন্য কাজ করবে ফিজ। আশা করছি, সে ভালোভাবেই ফিরে আসবেন।
.png)
তিনি আরো বলেন, আমরা মুস্তাফিজকে নিয়ে উদ্বিগ্ন নই। কোনো খেলোয়াড় সব সময় ফর্মে থাকতে পারে না। বর্তমানে সে ইনফর্মে নেই। কিন্তু আমি সব সময় বলি, সে আমাদের অন্যতম সেরা বোলার। তার যথেষ্ট সময় আছে এবং আমি মনে করি, তাকে যদি কিছু সময় দেয়া যায় এবং সঠিকভাবে কাজ করতে পারে তবে সে ভালোভাবে ফিরে আসবে। সে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
সেন্ট্রাল জোনের হয়ে বিসিএল খেলছেন মুস্তাফিজ। ইস্ট জোনের বিপক্ষে চলমান ম্যাচের প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ফিজ।
ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে বাংলাদেশ দলে ছিলেন মুস্তাফিজ। কিন্তু দু’টেস্টে খেলার সুযোগ না পেলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলে উইকেট শুন্য ছিলেন ফিজ। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টিতে মাত্র ১ উইকেট নেন তিনি। তাই পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে মুস্তাফিজকে বিবেচনা করেননি নির্বাচকরা। তার পরিবর্তে আরেক পেসার রুবেল হোসেনকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ।
সুমন বলেন, রুবেলের বোলিং গড় নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু সে দুর্দান্ত বোলিং করছে। আমরা অন্যরকম রুবেলকে দেখতে পেরেছি। সে নিয়মিত উইকেট পাচ্ছে। আমি আগেই বলেছি, মুস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বড় ফরম্যাটে আমরা তার পারফরমেন্স দেখতে চাই। ফর্মে থাকা খেলোয়াড়দেরই আমরা দলে অর্ন্তভূক্ত করেছি।