ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়ান গেমস

বাংলাদেশ সেমিফাইনালে উঠবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেমিফাইনালে উঠবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও
ছবি: সংগৃহীত
বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকার কারণে এশিয়ান গেমসের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ আটের লড়াইয়ে তাওহীদ হৃদয়দের প্রতিপক্ষ মালয়েশিয়া। তবে ম্যাচের আগে আলোচনায় এসেছে বৃষ্টি। নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ের সুবিধায় সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

আগামীকাল ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। এশিয়ান গেমসের ক্রিকেটের সব ম্যাচই জাপানের নাগোয়ার নিসিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হচ্ছে। মেয়েদের ক্রিকেটের ম্যাচগুলোও একই ভেন্যুতে হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পুরো মাসজুড়েই ওই এলাকায় ঝড়-বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত যেকোনো ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ম্যাচ শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে যাবে।

Advertisement

সেই হিসেবে বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হলে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

তবে সেমিফাইনালে গিয়ে হিসাবটা বাংলাদেশের জন্য বদলে যাবে। শেষ আটের ম্যাচে জয় পেলে সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেতে পারে বাংলাদেশ। সেই ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা পাকিস্তান ফাইনালে উঠবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে বৃষ্টি বাংলাদেশের জন্য সুবিধা হলেও সেমিফাইনালে একই পরিস্থিতি তাদের বিপক্ষে যেতে পারে।

এশিয়ান গেমসে পূর্ণ সদস্য দেশ হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া।

শনিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও ওমানের। কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া। রানার্সআপ হয় হংকং।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে মালয়েশিয়া। অন্যদিকে রানার্সআপ হংকংয়ের প্রতিপক্ষ পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!