স্বামীর কোদালের আঘাতে স্ত্রী নিহত
কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর কোদালের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমক) হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত নয়ন মণি চকরিয়ার সাহারবিল ইউপির পরিষদ পাড়ার জালাল উদ্দিনের স্ত্রী। আটক জালাল উদ্দিন ওই পাড়ার খুইল্যা মিয়ার ছেলে।
চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান জানান, ১০ বছর আগে জালাল উদ্দিনের সঙ্গে নয়ন মনির বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখের কাটছিলো। নয়ন মনির সংসারে ৯ বছরের এক ছেলে ও ৩ বছরের এক মেয়ে রয়েছে। মঙ্গলবার দুপুরে জালাল উদ্দিন ও তার স্ত্রী নয়ন মনির সঙ্গে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে স্ত্রী নয়ন মনিকে শারীরিক নির্যাতন করে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা নয়নকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মারা যান।
তিনি আরো জানান, ঘটনার দিন রাতে নিহতের চাচা মোহাম্মদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।