নাটোরে রেল স্টেশান কর্মকর্তার কাছে ব্যাগ খোয়ালেন জার্মান পর্যটক
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে এসে নাটোরে চরম বিপাকে পড়েছেন ১৮ বছর বয়সী জার্মান পর্যটক কিরিল।
নাটোর রেলওয়ে স্টেশনে নিজের ট্রাভেল ব্যাগ হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন তিনি। ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরাসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মালামাল। সহায়তার আশায় নাটোর সদর থানায় এসে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই বিদেশি তরুণ।
ভুক্তভোগী কিরিলের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেল প্রায় ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে চেপে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। স্টেশনের ওয়েটিং রুমে নিজের ব্যাগটি রেখে এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তিনি। যাওয়ার আগে নিরাপত্তার সুবিধার্থে সেখানে থাকা জ্যাকেট পরা এক রেলওয়ে কর্মকর্তার কাছে তার ব্যাগ ও প্রয়োজনীয় মালামাল গচ্ছিত রেখে যান। ওই কর্মকর্তা জিনিসপত্র দেখভালের আশ্বাস দিলেও, টাকা তুলে ফিরে এসে কিরিল দেখেন—সেখানে ব্যাগ কিংবা ওই কর্মকর্তা কাউকেই আর পাওয়া যাচ্ছে না।
চারিদিকে খোঁজাখুঁজি করে কোনো উপায় না পেয়ে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান কিরিল। পরে তাকে নাটোর সদর থানায় নিয়ে যাওয়া হয়। থানায় ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করে সহায়তার অপেক্ষায় থাকার একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
তবে কিছুটা আশার আলো দেখাচ্ছে কিরিলের ল্যাপটপের 'আইক্লাউড' (iCloud) ট্র্যাকিং সিস্টেম। কিরিল জানান, বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তার ল্যাপটপের আইক্লাউড লোকেশন পার্শ্ববর্তী নওগাঁ এলাকায় দেখাচ্ছিল।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেছে। প্রযুক্তি ব্যবহার করে ডিভাইসের অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের আটকের উদ্দেশ্যে ইতোমধ্যে চিহ্নিত এলাকায় পুলিশ দল পাঠানো হয়েছে।