ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আইসিসি’র কাছে হস্তান্তর করবে সুদান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২০
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আইসিসি’র কাছে হস্তান্তর করবে সুদান
ওমর আল-বশির

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) কাছে হস্তান্তর করবেন দেশটির অন্তর্বর্তী সরকার। দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সুদানের অন্তর্বর্তী সরকার পরিষদের সদস্য মোহাম্মাদ হাসান আত-তায়ায়িশি সরকারের এ সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছে। তিনি বলেছেন, সুদান সরকারের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বশিরের বিরোধী একটি রাজনৈতিক ফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেবহাতুস সুদান নামের ওই ফ্রন্টের অনেক নেতাকর্মীকে প্রেসিডেন্ট বশিরের শাসনামলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সুদানের অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে গঠিত এই ফ্রন্টের সদরদফতর পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে অবস্থিত। এর আগে ২০০৩ সালে দারফুর অঞ্চলে প্রেসিডেন্ট বশির সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়। 

পরবর্তীতে, আইসিসিতে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।  ২০০৯ সালে সেই অভিযোগের ভিত্তিতে বশিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

তবে ক্ষমতায় থাকার কারণে তার বিরুদ্ধে ওই পরোয়ানা কার্যকর করা যায়নি। গত বছরের এপ্রিল মাসে প্রবল গণবিক্ষোভের জেরে এবং দেশটির সেনা হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন তিন দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই একনায়ক।

সূত্র- পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!