ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

বিপাশা আবারও পর্দায় ৬ বছরের বিরতি ভেঙে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৬, ১৩ অক্টোবর ২০২৬
বিপাশা আবারও পর্দায় ৬ বছরের বিরতি ভেঙে
ছবি: সংগৃহীত

এক সময়ের হার্টথ্রব ও আবেদনময়ী মডেল ও বলিউডের অভিনেত্রী বিপাশা বসু ভাঙছেন ছয় বছরের বিরতি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী। অ্যামাজন প্রাইম ভিডিওর একটি নতুন ক্রাইম ড্রামা সিরিজের হাত ধরেই তার ফেরা। ওটিটি প্ল্যাটফর্মের এই ঘোষণায় উচ্ছ্বসিত তার অনুরাগীরা।

পরিচালক হংসল মেহতার পরিচালনায় এই সিরিজে বিপাশার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি কৌশল ও বিশাল জেঠওয়াকে। ১২ অক্টোবর (সোমবার) ওটিটি চ্যানেলের তরফে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের কাজ শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়। বর্তমানে শুটিংয়ের কাজ চলছে জোরেশোরে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর। অলমাইটি মোশন পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন প্রভলিন সান্ধু।

উল্লেখ্য, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল বিপাশাকে। অন্যদিকে, তার অভিনীত শেষ সিনেমা ‘অ্যালন’ মুক্তি পেয়েছিল প্রায় ১১ বছর আগে, ২০১৫ সালে। তার পর থেকেই বড় পর্দা বা ওটিটি থেকে দূরে ছিলেন আবেদনময়ী এই তারকা।

নতুন সিরিজটির গল্প আবর্তিত হয়েছে একটি ছোট শহরের মাদক পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে। মাদক সাম্রাজ্যের রোমহর্ষক কাহিনিই তুলে ধরা হবে এখানে। সিরিজে সানি কৌশলকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেলেও বিপাশা বসু কোন চরিত্রে অভিনয় করছেন বা সিরিজটির নাম কী, তা এখনো নির্মাতাদের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে।

এদিকে, অভিনয়ের খবরের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার একটি সামাজিকমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে নতুন করে চর্চায় উঠে এসেছেন বিপাশা। অভিনেত্রীর একটি ডিজিটাল কভার শেয়ার করে তার অ্যাথলেটিক ফিটনেস, পেশিবহুল শরীর এবং স্বতন্ত্র ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন মাসাবা। মাসাবার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!