‘যেখানেই থাকো ভালো থেকো লরেন’
দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। কিন্তু সেই স্বপ্ন যেন আর পূর্ণতা পাবে না তার। বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করলেন তিনি।
এয়ারটেলের কয়েকটা বিজ্ঞাপনে তিনি বেশ পরিচিতি লাভ করেন। সংগীত শিল্পী নাহিদের গান ‘তোমার পিছু ছাড়বো না’ দিয়ে বেশ আলোচিত হন। মাহতিম সাকিবের সঙ্গেও গুডলাক বলপেনের বিজ্ঞাপন দিয়ে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী।
তাকে নিয়ে সঙ্গীত শিল্পী নাহিদ বলেন, লরেন ইদানীং খুব অন্যরকম পোস্ট দিচ্ছিল ফেসবুকে। আমার গানে মডেল হওয়ার কারণেই তার সঙ্গে পরিচয়টা ছিলো। লুসিফার নামে একটি চরিত্রকে সামনে এনে নানারকম পোস্ট দিচ্ছিলো। আমি তার এই আচরণে একটু চিন্তিত হয়ে ফোন দিয়েছিলাম পরশুদিন। সে বলল লুসিফার একটা কাল্পনিক চরিত্র। তেমন কিছু না। আর তেমন কিছু বলেনি।
নাহিদ বলেন, তার ছোট দু'টিবোন আছে, এক বোন থাকে দেশের বাইরে। খুবই হ্যাপি ফ্যামিলি তাদের। কী এমন হলো, কিছু বুঝলাম না। ওর মরদেহ যে হাসপাতালে রাখা হয়েছিল, সেখানে গিয়েছিলাম। পোস্ট মর্টেমের জন্য নেয়া হবে বলে দেখা হয়নি আমাদের।
লরেনের পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানীর কালাচাঁদপুরের বারিধারা এলাকার নিজেদের বাসায় বোরবার সকালে সাড়ে ৭টার দিকে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী।
নির্মাতা হাবিব শাকিল নিজের ফেসবুকে লিখেছেন, তোমার কিসের এতো তাড়া ছিলো? তোমার জীবনটাই বা কতো দূর গিয়েছিলো? এতো তাড়াতাড়ি জীবনের অর্থ জেনে গিয়েছিলে যে জীবন সম্পর্কে আগ্রহ হারিয়ে গেলো? তোমার বন্ধুরা কারা? তারাও কি তোমার মতনই জীবনের সবটুকু জেনে গিয়েছে? আচ্ছা খুব জানতে ইচ্ছে করছে কারা তোমার সঙ্গে রাত-দিন জীবনের ছোট এই রাস্তায় হেঁটে ছিলো? তোমাকে এতো প্রশ্ন করছি কেনো?
উত্তর তো আমরা সবাই জেনে ঘুমিয়ে আছি। জেগে জেগে ঘুমিয়ে থাকার অভ্যাসটা আমাদের সিস্টেমের মধ্যেই আছে আর এতো এতো প্রশ্নের সমাধানও আমাদের শিক্ষা ব্যাবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের সব সিস্টেমের মধ্যেই লুকোচুরি খেলছে। তুমি ক্ষমা করে দিও এই অবুঝ সিস্টেমকে। ভালো থেকো ওপারে।
নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, Loren.. কী আর বলবো! যেখানেই থাকো ভালো থেকো।