ভারতের সেরা ফিল্ডার জাদেজা, বললেন শ্রীধর
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ভারতের একক আধিপত্যের মূল কারণ দেশটির বোলাররা। কিন্তু দেশটির ফিল্ডারদের কৃতিত্ব ও দক্ষতা অগোচরেই থেকে যায়।
দলটির ফিল্ডিং কোচ রমাকৃষ্ণান শ্রীধরের অধীনে অবিশ্বাস্যভাবে উন্নতি করেছে তাদের ফিল্ডিং। তবে সবার মধ্যে সেরা ফিল্ডার কে? শ্রীধরের উত্তর, গত এক দশকের মধ্যে ভারতের সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা।
তিনি বলেন, মাঠে জাদ্দুর (জাদেজা) উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সে এমন একজন যে তার ফিল্ডিং দ্বারা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আতঙ্কে রাখতে পারে।
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘আমি খুব বেশি পিছনে যাবো না। তবে এটা বলতে পারি গত এক দশকে ভারতের সেরা ফিল্ডার জাদেজা।’
দলের ফিল্ডিংয়ে এই পরিবর্তনে নেপথ্যে কথা বলতে গিয়ে তিনি বলেন, দলের ক্রিকেটারদের মানসিকতা ও ফিটনেস- এই দুই অপরিহার্য বিষয় দলের ফিল্ডিংয়ে বিপ্লব ঘটিয়েছে।
অসাধারণ একটি দল থাকা সত্ত্বেও স্লিপে দুর্বলতা রয়েছে বলে মনে করেন এই ফিল্ডিং কোচ। বিশেষ করে দল যখন দেশের বাইরে সফরে যায় তখন স্লিপে ফিল্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। এ বিষয়টির উপর জোর দিচ্ছেন বলে জানান শ্রীধর।