ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুযোগ বুঝে গরু চোরের ডাকাতি, আটক ১৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ৫ মার্চ ২০২০
সুযোগ বুঝে গরু চোরের ডাকাতি, আটক ১৩
প্রতীকী ছবি

ঢাকার সাভারে হেমায়েতপুরের হারুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় ১৩ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে হেমায়েতপুরের হারুলিয়া এলাকার একটি নির্জন মাঠের পাশে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, তারা মূলত গরু চোর। সুযোগ বুঝে ডাকাতি করে আসছিল।

আটকরা হলেন- ঢাকা জেলার কেরানীগঞ্জের আবুল হোসেন ও মহিউদ্দিন, একই জেলার আশুলিয়ার আমজাদ হোসেন, জামালপুর জেলার রাজু, মুন্সিগঞ্জের জালাল মাতবর, মাদারীপুরের সুরুজ, একই জেলার আবুল হোসেন ফকির ও রাসেল শিকদার, মানিকগঞ্জ জেলার পাগল চন্দ্র মনিদাস ও আইয়ুব আলী।

বুধবার রাতে হেমায়েতপুরের হারুলিয়া এলাকায় একদল ডাকাত কাভার্ডভ্যান যোগে ডাকাতি করবে এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে অনুসরণ করতে থাকে ডিবি পুলিশ সদস্যরা। একপর্যায়ে ডাকাত দলটি হেমায়েতপুরের হারুলিয়া এলাকার একটি নির্জন মাঠের পাশে কাভার্ডভ্যান থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিতে থাকে। পরে ডিবি পুলিশ সদস্যরা ডাকাত দলের ১১ সদস্যকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম দুটি শাবল, দুটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করে। পরে আটকদের দেয়া তথ্যানুযায়ী একই এলাকা থেকে আরো দুই জনকে আটক করা হয়।

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) আলী আকবর জানান, আটক ডাকাত দলের সদস্যরা মুন্সিগঞ্জ, গাজীপুর ও ঢাক সহ এর আশপাশের জেলাগুলোতে নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতো। মূলত তারা গরু চুরি করলেও সুযোগ বুঝে ডাকাতি করতো। এ ঘটনায় আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি ও চুরির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করার পর বৃহস্পতিবার দুপুরের পর আদালতে পাঠানো হবে। একইসঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!