যেভাবে দেখবেন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে জিম্বাবুয়ে অবস্থান করছে বাংলাদেশ। আফ্রিকার দেশটিতে টাইগারদের মাঠের লড়াই শুরু হবে আগামীকাল।
হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ। একদিন পর ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচ হবে একই ভেন্যুতে একই সময়ে। একদিনের বিরতি শেষে ২ আগস্ট হবে দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ।
টি-২০ সিরিজ শেষে ৫ আগস্ট শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। ৭ আগস্ট এবং ১০ আগস্ট অন্য দুটি ম্যাচ একই সময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বেসরকারি টেলিভিশন স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। টেলিভিশন চ্যানেল ছাড়া খেলাগুলো দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্মেও।
আইসিসির টিভিতে (ICC.tv) খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। আইসিসি টিভির ওয়েবসাইটে সাইন আপ করে ১.৯৯ ডলারের বিনিময়ে ম্যাচগুলো দেখা যাবে।
টি-২০তে বাংলাদেশ নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার লক্ষ্যে সম্পূর্ণ তারুণ্য নির্ভর দল সাজিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথমবারের মতো বাংলাদেশের টি-২০ দলের নেতৃত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান।