ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এখনই দেশে ফিরছেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ২১ মার্চ ২০২২
এখনই দেশে ফিরছেন না সাকিব
সাকিব আল হাসান - ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গী সাকিব আল হাসান। এ সময়েই তার পরিবারের ৩ সন্তাসহ মা-শাশুড়ী নিয়ে ৫ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এ সময় তার দেশে থাকা দরকার। তাই চিন্তা করেছিলেন চলে আসবেন দেশে। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। এখনই দেশে আসছেন না এ অলরাউন্ডার।

জালাল ইউনুস জানান, আজ রাতেই সাকিব দেশে ফেরার বিমানে উঠবেন।

এদিকে দক্ষিণ আফ্রিকা থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, একটা ইমারজেন্সি আছে ওর বাসায়। অনেকেই অসুস্থ। সেজন্য একটা দ্বিধা তো আছেই। ঢাকায় ওর ফ্যামিলির সঙ্গে একটা কথা হচ্ছে আসা-যাওয়ার ব্যাপারে। তো টিকিট আমরা প্রায় করেই ফেলেছিলাম ওর জন্য। ওর চলে যাওয়ার কথা ছিল।

সুজন যোগ করেন, পরে সাকিব নিজেই সিদ্ধান্ত নিয়েছে, ও যাবে না। চলে যাওয়ার ব্যাপারটি সত্যি, বিসিবি থেকে হয়তো জালাল ভাই (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান) বলেও দিয়েছিলেন চলে যাবে। তার কিছুক্ষণ পরেই সাকিব ডিসাইড করেছে, ও যাচ্ছে না। এখন সাকিব যাচ্ছে না। খেলেই তারপর আমরা এ ব্যাপারে চিন্তা করব।

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। সাকিবের মা হার্টের রোগী। অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলে জানা গেছে। 

এছাড়া ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে ভর্তি আছে দাদির সঙ্গে। 

অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা-জ্বরে ভুগছে। সবমিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটময় মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার।

সাকিবের শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সাকিবের স্ত্রী-সন্তান বাংলাদেশে থাকেন না। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। বড় মেয়ে আলাইনা হাসান অব্রি এর আগে দেশে আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম বাংলাদেশে এসেছে। ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা। 

২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার সঙ্গে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ওয়ানডে সিরিজের পর ৩০ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!