এবার ওটিটিতে সাকিবের অন্য জীবনের গল্প
কখনো বাইশ গজ নিয়ে, আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-সমালোচকদের আগ্রহের কেন্দ্রে থাকেন ক্রিকেটার সাকিব আল হাসান। এবার অন্য এক সাকিবের দেখা মিলেছে ওটিটি প্ল্যাটফর্মে।
প্রথমবারের মতো এমন কোনো ভিন্ন আয়োজনে দেখা গেছে সাকিবকে। ইশোর আয়োজনে সম্প্রতি ‘ইনসাইড স্টাইল’ নামে একটি লাইফ স্টাইল শো তৈরি হয়েছে। মোট ৫ পর্বের এই রিয়েলিটি শোয়ের তৃতীয় পর্বে এসে জানা যাচ্ছে এই ক্রিকেটারের অন্য জীবনের গল্প।
সেই গল্পে জানা গেছে, সাকিব ছোটবেলা থেকেই ভাবতেন পেস বল করবেন, হবেন ওয়াসিম আকরামের মতো। আর স্পিন করলে সাকলাইন মোস্তাকের মতো হবেন। এছাড়া সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকারের খেলা দেখতেন পাগলের মতো।
এসব কারণে ভিসিআর কিনে প্রচুর খেলা দেখতেন সাকিব। তার সংগ্রহেও রয়েছে অনেক ডিভিডি। তাই সাকিব তার বাসার একটি রুম সাজাতে চান যেখানে তার ভিসিআর ও ডিভিডির বিশাল সংগ্রহ থাকবে।
সাকিবের ইচ্ছা, সেখানে তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক ও স্মরণীয় মুহূর্তগুলি দেখবেন। সাকিব চান একটি শান্ত ও নিরিবিলি স্থান। যেখানে বসে তিনি ক্রিকেট বিশ্লেষণ করতে পারবেন। তাই তিনি ইশোর শরণাপন্ন হন।
তথ্যগুলো জানান ‘ইনসাইড স্টাইল’-এর প্রযোজক রেদওয়ান রনি।
সেখান থেকেই ‘ইনসাইড স্টাইল’-এর প্রথম সিজনের তৃতীয় পর্বে দেখা মিলেছে সাকিব আল হাসানের। সেখানে ইশো সাকিবের মন মতো রুম ডেকোরেট করে দেয়। পুরো পর্বটি ১৮ মার্চ রাতে মুক্তি পেয়েছে চরকিতে। বাকি দুটি পর্ব মুক্তি পাবে ২৫ মার্চ ও ১ এপ্রিল।