ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ড্র করতে পারলেও খুশি বাংলাদেশ : সুজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ৩ জানুয়ারি ২০২২
ড্র করতে পারলেও খুশি বাংলাদেশ : সুজন
নিউজিল্যান্ডে টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে থাকা খালেদ মাহমুদ সুজন -বিসিবি

নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল।  কিউইদের মাটিতে সাদা পোশাকে ৯ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ । সে দেশে তিন ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি টাইগাররা।  তবে এবার কিউই সফরে গিয়ে প্রথম ম্যাচে বেশ সুবিধাজনক অবস্থায় টাইগাররা। 

সোমবার তৃতীয় দিনের খেলা শেষে খালেদ মাহমুদ সুজন জানালেন, জিততে না পারলেও এই টেস্ট ড্র করতে চান।

সংবাদ সম্মেলনে সুজন বলেন, আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।

তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারানো টাইগারদের সংগ্রহ ৪০১ রান। এতে কিউইদের করা প্রথম ইনিংসের ৩২৮ রান টপকে ৭৩ রানের লিড লাল-সবুজের প্রতিনিধিদের। এই লিড আরো বাড়িয়ে নিতে ইয়াসির আলি রাব্বি ১১ এবং মেহেদী হাসান মিরাজ ২০ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ দিন শুরু করবেন।

চতুর্থ দিনের পরিকল্পনা সম্পর্কে সুজন বলেন, চ্যালেঞ্জিং, তবে প্রক্রিয়াটা দারুণ ছিল। দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ছেলেরা সত্যিই দারুণ করেছে। কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে, এখন ৭৩ রান লিড আছে। আরও ৭০ রানের মতো লিড পেলে দেড়শ রানের মতো লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব। অন্তত ১৪০-১৫০ নিতে পারলে বিরাট ব্যাপার হবে।

নিউজিল্যান্ডে টিম ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে আছে সুজন। তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাচ্ছেন অতীত মনে করিয়ে।

সুজনের যোগ করেন, ‘আমরা এখানে দশটা ম্যাচ খেলেছি। একবার ৫৯৫ করে ইনিংস ঘোষণা করেও হেরেছিলাম। আমি বলেছিলাম বারবার তো হারতে পারি না। একটা গ্রুপকে তো ভালো করতে হবে। এই গ্রুপটাই করতে পারি। প্রক্রিয়া যেন ঠিক থাকে, সাহস নিয়ে খেলতে পারি। এমন কোনো জুজু নেই যে পারব না। আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা পারব। এই মোটিভেশনই দেওয়ার চেষ্টা করেছি।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!