লুকাকুর জন্য চেলসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইন্টার
বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে চেলসি। তারই ধারাবাহিকতায় লুকাকুকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন ইউরো ব্যয় করতে রাজী রয়েছে লন্ডনের ক্লাবটি। কিন্তু বিভিন্ন সূত্রমতে জানা গেছে চেলসির এই প্রস্তাব প্রত্যাখান করেছে বর্তমান সিরি-আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার সুবিধাকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী চেলসি লুকাকুকে দলে নিতে চায়। কিন্তু সেজন্য হয়ত তাদের বরুসিয়া ডর্টমুন্ডের শীর্ষ খেলোয়াড় ও ইউরোপীয়ান বড় ক্লাবগুলোর অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকা আর্লিং হালান্ডকে হারাতে হতে পারে।
এদিকে ট্রান্সফার মার্কেটে গতবারের মতই সরব ভূমিকা রাখতে যাওয়া চেলসি টটেনহ্যাম থেকে হ্যারি কেনকেও দলে আনতে চাইছে। যদিও উত্তর লন্ডনের প্রতিদ্বন্দ্বী দলটি তাদের মূল তারকাকে কোনমতেই ছাড়তে চাচ্ছেনা।
সে কারণেই লুকাকুর প্রতি আগ্রহী হয়ে উঠেছে ব্লুজরা। এর বিনিময়ে তারা ডিফেন্ডার মার্কোস আলোনসোকে ছেড়ে দিতে চায়।
ইএসপিএন’র একটি সূত্র জানিয়েছেন লুকাকু ইন্টার ছাড়ার কোন আগ্রহ প্রকাশ করেননি। কিন্তু তাকে বিদায় করে অর্থ উপার্জনের চাপে রয়েছে ইন্টার। বিশেষ করে করোনা মহামারীতে ক্লাবটির আর্থিক অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে।
এর মধ্যেই ফুল-ব্যাক আর্চাফ হাকিমিকে ৭০ মিলিয়ন ইউরোতে পিএসজির কাছে ছেড়ে দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। যে কারণে লুকাকুকে ছাড়তে হলে চেলসির সঙ্গে আরো বড় চুক্তিতে যেতে চায় ক্লাবটি, এমন ইঙ্গিতই পাওয়া গেছে।
বেলজিয়াম তারকা লুকাকু ২০১১-১৪ সাল পর্যন্ত চেলসির হয়ে তিন মৌসুম কাটিয়েছেন। ২০১৭ সালে তার আবারো স্ট্যামফোর্ড ব্রীজে ফিরে আসার কথা ছিল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড যে অর্থ দিতে চেয়েছিল তার থেকে বেশী দিতে অপরাগতা প্রকাশ করায় লুকাকু ওল্ড ট্র্যাফোর্ডেই যোগ দেন।
চেলসি মালিক রোমান আব্রামোভিচ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশায় তারকা কোন সেন্টার ফরোয়ার্ডকে আসন্ন মৌসুমে দলে নিতে মুখিয়ে আছেন। ডর্টমুন্ড হালান্ড ও জেডন সানচোতে হারাতে চায়নি। কিন্তু সানচো গত মাসে ইউনাইটেডে যোগ দিয়েছেন।
এখন আরো এক বছরের জন্য ডর্টমুন্ড হালান্ডকে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। এখন চেলসির সামনে সুযোগ রয়েছে চুক্তির পরিমান বাড়িয়ে লুকাকুর জন্য ইন্টারকে নতুন করে প্রস্তাব দেয়া, অথবা হালান্ডের জন্য অপেক্ষা করা।