ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শুরুতেই নাটকীয়তা, পাঁচ মিনিট অপেক্ষার পর শুরু খেলা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১০, ২৩ মে ২০২১
শুরুতেই নাটকীয়তা, পাঁচ মিনিট অপেক্ষার পর শুরু খেলা
ফাইল ছবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলংকা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এ ম্যাচের শুরুতেই দেখা গেছে অন্যরকম এক নাটকীয়তা। যার ফলে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর শুরু হয় খেলা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। ফলে নির্ধারিত সময়ের কিছু আগেই ব্যাট হাতে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। ছিলেন শ্রীলংকার ক্রিকেটার ও আম্পায়াররাও।

কিন্তু ম্যাচ শুরুর জন্য নির্ধারিত জায়গায় না গিয়ে পিচের কাছে দাঁড়িয়ে থাকেন আম্পায়াররা। ইশারা করতে থাকেন তৃতীয় আম্পায়ারের দিকে। তিনি বাউন্ডারির পাশে থেকে মূল দুই আম্পায়ারদের সঙ্গে কথা বলতে থাকেন।

পরে জানা যায়, আবহাওয়ার কারণে আলোকস্বল্পতা অনুভূত হওয়ায় ম্যাচ শুরুর বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন আম্পায়াররা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর খেলা শুরু হয়।

পিতৃত্বকালীন ছুটিতে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না সাকিব। তিনি ফেরায় দলের শক্তি নিঃসন্দেহে বেড়েছে। এছাড়া কিছুটা সমালোচনা থাকলেও মিডল অর্ডারে আছেন মোহাম্মদ মিঠুন। 

এর আগে রোববার সকালে হঠাৎ করে খবর আসে শ্রীলংকার দুজন ক্রিকেটার ও বোলিং কোচ করোনা পজিটিভ। ফলে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে পরে জানা যায় রিপোর্টটি ফলস পজেটিভ ছিল। তাই নিধারিত সময়েই মাঠে গড়াচ্ছে ম্যাচটি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

শ্রীলংকা একাদশ: কুশল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাংকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, আসেন বান্দারা, ডি সিলভা, ইসুরু উদানা, লক্ষ্মণ সান্দাকান ও দুশমন্থ চামিরা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!