ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়াদের ফিফটি, তবুও ২০০ হলো না দলের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৫, ১১ অক্টোবর ২০২০
রিয়াদের ফিফটি, তবুও ২০০ হলো না দলের
ফিফটির পর রিয়াদ

রোববার শুরু হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। প্রথমে ব্যাট করে অধিনায়ক রিয়াদের ফিফটির পরও বেশি রান করতে পারেনি তার দল। নির্ধারিত ৫০ ওভারের কোটা পূরণের আগেই ১৯৬ রানে অল আউট হয়েছে তারা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। দুই দল মাঠে নামার একটু পরই শুরু হয় বৃষ্টি। এর আগে মোট ৩ ওভার খেলা হয়। সে সময় কোনো উইকেট না হারিয়ে মাহমুদউল্লাহ একাদশের সংগ্রহ ছিল ১৭ রান। 

বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলেই ধ্বস নামে রিয়াদের দলে। প্রথমেই রান আউট হয়ে ফিরে যান ৯ রান করা নাঈম শেখ। এরপর ১১ রান করে তাসকিনের বলে বোল্ড হন লিটন দাস। পরের ওভারে মুমিনুল হককে বোল্ড করেন আল আমিন। মাত্র ২১ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে মাহমুদউল্লাহ একাদশ। 

Advertisement

চাপের মুখে ২২ গজে কায়েসের সঙ্গে যোগ দেন দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৭৩ রান। প্রথম থেকেই ভালো খেলতে থাকা কায়েস আউট হলে ভাঙে এই জুটি। নাঈম হাসানকে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিড-উইকেটে সাইফ হাসানের তালুবন্দী হন কায়েস। এর আগে ৫০ বলে ৪০ রান করেন তিনি। 

বড় ইনিংস খেলার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেননি কায়েসের জায়গায় নামা নুরুল হাসান সোহান। নিজের ভুলে ব্যক্তিগত ১৪ রানে রান আউট হন তিনি। ১২৬ রানে পঞ্চম উইকেটের পতনের পর সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে আবারো বিপর্যয় সামাল দিতে লড়াই শুরু করেন রিয়াদ। 

দেখে খেলে অর্ধশতক পূরণ করেন রিয়াদ। তবে এর পরপরই মুকিদুল ইসলাম মুগ্ধের বলে আউট হন তিনি। আফিফ হোসেনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৮২ বলে ৫১ রান করেন এই অলরাউন্ডার। একই ওভারে ফিরে যান সাব্বিরও (২২)। 

টেলএন্ডারদের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ১৯৬ রান পর্যন্ত যেতে পারে মাহমুদউল্লাহ একাদশ। নাজমুল একাদশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন, আল আমিন ও মুগ্ধ। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!