ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নবম ক্যারিবীয় হিসেবে রোচের ২০০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৬, ২৫ জুলাই ২০২০
নবম ক্যারিবীয় হিসেবে রোচের ২০০
২০০ উইকেট শিকারের পর রোচ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য এক মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ। নবম ক্যারিবীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের গৌরব অর্জন করেছেন তিনি। ম্যাচের দ্বিতীয় দিন সকালে ইংলিশ ব্যাটসম্যান ক্রিস ওকসকে বোল্ড করার মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেন রোচ। 

টি-টোয়েন্টি আসার পর ওয়েস্ট ইন্ডিজের অধিকাংশ ক্রিকেটারই টেস্ট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে এখানে ব্যতিক্রম রোচ। ক্যারিয়ারের শুরু থেকেই এই ফরম্যাটে দলের নির্ভরযোগ্য একজন বোলার তিনি। 

উইন্ডিজ ক্রিকেটারদের মাঝে ম্যাচের দিক থেকে ২০০ উইকেট শিকারে রোচ অষ্টম দ্রুততম। ক্যারিয়ারের ৫৯তম ম্যাচে ডাবল স্পর্শ করলেন তিনি। সবচেয়ে কম ৪২ ম্যাচে দুইশ উইকেট শিকার করেছেন ম্যালকম মার্শাল। জোয়েল গার্নার ৪৪ ও কার্টলি অ্যামব্রোস এই মাইলফলক স্পর্শে খেলেছেন ৪৫টি ম্যাচ। 

ক্যারিবীয় পেসার ল্যান্স গিবস ও অ্যান্ডি রবার্টস দুজনেই ২০০ উইকেট শিকারে সমান ৪৬টি করে ম্যাচ খেলেছেন। মাইকেল হোল্ডিং ৪৭ ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ৫৮ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন। উইকেটের দ্বিশতক পূরণে ক্যারিবীয়দের মাঝে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন স্যার গ্যারি সোবার্স (৮০টি)। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!