[ খেলা ]
বায়ার্ন ও লেভানডোভস্কির গোল উৎসব অব্যাহত
গোল করার পর বায়ার্নের খেলোয়াড়রা
কয়েক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তবে দলটির জয়ের ক্ষুধা এখনো মেটেনি। ফ্রেইবুর্গকে যথারীতি ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। জোড়া গোল করেছেন দলটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের প্রথমার্ধেই হয় ৪ গোল। ১৫ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন জশুয়া কিমিচ। ১০ মিনিটের মাঝে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডোভস্কি।
ম্যাচের ৩৩ মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দেয় ফ্রেইবুর্গ। স্কোরার ছিলেন লুকাস হোলার। কিন্তু চার মিনিট না যেতেই ফের লেভানডোভস্কি গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাভারিয়ানরা।
বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর খেলা হলেও কোনো দলই গোল করতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
বুন্দেসলিগার এবারের আসরে ৩০ ম্যাচে ৩৩ গোল করেছেন লেভানডোভস্কি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৪১ ম্যাচ খেলে ৪৮ গোল করেছেন তিনি। চলতি মৌসুমে শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতা তিনিই।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!