আর্জেন্টিনা বেশি বিদ্বেষের শিকার, এরপর স্পেন ও ব্রাজিল
২০২৬ বিশ্বকাপের সময় অনলাইনে দল ও খেলোয়াড়দের ঘিরে ট্রোলিং এবং বিদ্বেষমূলক বার্তা ছড়িয়েছিল ব্যাপক হরে। ফিফা জানিয়েছে, সবচেয়ে বেশি বিদ্বেষ ছড়ানো হয়েছে আর্জেন্টিনাকে নিয়ে। শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা পরিষেবার (এসএমপিএস) এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফিফা।
ফিফার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, টুর্নামেন্ট যত গড়িয়েছে, সাইবার বুলিংয়ের মাত্রা ততই বেড়েছে। দলগতভাবে অনলাইন আক্রমণের সবচেয়ে বড় শিকার হয়েছে আর্জেন্টিনা। স্কালোনির শিষ্যদের পর এই তালিকায় রয়েছে ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল ও নরওয়ে। বিশেষ করে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে লক্ষ্য করে প্রচুর বিদ্বেষমূলক মন্তব্য করা হয় এবং তাদের দল রেফারিদের কাছ থেকে অন্যায্য সুবিধা পেয়েছে বলে অভিযোগ তোলা হয়।
তবে ব্যক্তিগতভাবে ফুটবলারদের ওপর আক্রমণের ক্ষেত্রে আর্জেন্টিনার অবস্থান ছিল চতুর্থ। ফুটবলারদের সবচেয়ে বেশি নিশানা করেছে ফ্রান্স, ইংল্যান্ড ও পর্তুগালের নেটিজেনরা। এই ব্যক্তিগত আক্রমণগুলোর সিংহভাগই ছিল বর্ণবাদী শ্লেষ, যা বিশেষ করে আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের লক্ষ্য করে ছড়ানো হয়েছে।
অন্যদিকে, টুর্নামেন্টজুড়ে সবচেয়ে বেশি অনলাইন হয়রানির শিকার ব্যক্তির নাম গোপন রাখলেও ফিফা জানিয়েছে, ওই একক ব্যক্তির বিরুদ্ধে ১০ হাজারের বেশি আপত্তিকর পোস্ট করা হয়েছে। যার ৪০ শতাংশই ছিল বর্ণবাদী। এছাড়া সমকামিতা বিদ্বেষ, নারীবিদ্বেষ ও ট্রান্সজেন্ডার-বিদ্বেষমূলক বার্তার তীরও গেছে তার দিকে।