ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪, ২৮ নভেম্বর ২০২৬
অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন। শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সম্মিলন শুরু হবে। এতে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নেবেন।

সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য ড. আমানুল্লাহ জানান, সম্মিলন সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা ও উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, এ সম্মিলন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের ৬৪ জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ ও অতিথিদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!