অভিষেকের শারদীয় ফ্যাশন জয়ার লুকে
দুর্গাপূজার সাজে এখন স্বাচ্ছন্দ্য, আভিজাত্য ও পরিবেশবান্ধব পোশাকের প্রতি ঝোঁক বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ফ্যাশনে প্রাধান্য পাচ্ছে সহজ, মার্জিত ও বারবার পরার উপযোগী পোশাক। গরম ও আর্দ্র আবহাওয়ায় উৎসবের আনন্দ উপভোগ করতে আরামদায়ক পোশাকের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে নিজস্ব স্টাইলও।
এবারের পূজার সাজে এমনই ভাবনা নিয়ে হাজির হয়েছেন কলকাতার উদীয়মান ফ্যাশন ডিজাইনার অভিষেক নাইয়া। তার নতুন সংগ্রহ ‘শারদ অর্পণ’-এ বাংলার ঐতিহ্যবাহী বয়নশিল্পের সঙ্গে প্রাকৃতিক তন্তু ও সমকালীন নকশার সমন্বয় ঘটেছে। সংগ্রহটির চারটি বিশেষ সাজে মডেল হয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
বাংলার প্রকৃতি, উৎসবের আবহ ও সমৃদ্ধ বস্ত্র-ঐতিহ্য এই সংগ্রহের মূল অনুপ্রেরণা। শরতের বদলে যাওয়া দৃশ্যপট, ফুলের রং, পরিচিত গন্ধ এবং বাংলার প্রকৃতির নানা অনুষঙ্গ ফুটে উঠেছে পোশাকের নকশায়।
অবিষেক বলেন, ‘এই সংগ্রহে বস্ত্র ও ফ্যাশনের ভাষায় বাংলার নানা অনুভূতিকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। রং নেওয়া হয়েছে বাংলার উৎসবের আবহ ও প্রকৃতি থেকে। নকশায় রয়েছে বাংলার উদ্ভিদ ও প্রাণিজগতের নানা উপাদান। গাঁদা, রজনীগন্ধা, শিউলি ও পদ্মফুলের পাশাপাশি পেঁপেগাছ এবং রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগারও আমাকে অনুপ্রাণিত করেছে। প্রতিটি মোটিফের নিজস্ব বৈশিষ্ট্য, স্মৃতি ও সাংস্কৃতিক সংযোগ রয়েছে।’
উৎসবের সাজে নজর কাড়তে ভারী পোশাকের প্রয়োজন নেই বলেও মনে করেন অবিষেক। কাপড়ের ধরন, রং, শাড়ি পরার ভঙ্গি এবং নিজেকে উপস্থাপনের কৌশলেই তৈরি হতে পারে আকর্ষণীয় লুক।