ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

‘হনুমান অংশ’ সিনেমার নায়ক শাহরুখের সঙ্গে মিল খুঁজলেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৩, ৩০ নভেম্বর ২০২৬
‘হনুমান অংশ’ সিনেমার নায়ক শাহরুখের সঙ্গে মিল খুঁজলেন
ছবি: সংগৃহীত

শোভিনব সত্য পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবন ও শিক্ষা অবলম্বনে নির্মিত ‘হনুমান অংশ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নিজের অভিনয়ে আসার গল্প তুলে ধরতে গিয়ে বলিউড তারকা শাহরুখ খানের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতার সঙ্গে নিজের পরিস্থিতির মিল খুঁজে পেয়েছেন এই অভিনেতা।

২০২৬ সালে মুক্তি পাওয়া ‘হনুমান অংশ’ গত ৭ আগস্ট প্রেক্ষাগৃহে আসে। এরপর ২৭ নভেম্বর থেকে সনি লিভে হিন্দি ভাষায় সিনেমাটি দেখা যাচ্ছে।

এক সাক্ষাৎকারে শোভিনব সত্য জানান, শুরুতে তিনি পরিচালক বিশাল চতুর্বেদীর এই সিনেমায় সহকারী পরিচালক হিসেবে যুক্ত হয়েছিলেন। তার লক্ষ্য ছিল পরিচালনার কাজ দিয়ে শুরু করা। তবে একপর্যায়ে পরিচালক তাকেই সিনেমার মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।

নিজের এই পরিবর্তনের সঙ্গে শাহরুখ খানের টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’র শুরুর অভিজ্ঞতার মিল দেখেন শোভিনব। তার ভাষ্য, ‘শাহরুখ খান ফৌজি সিরিজে প্রথমে ছোট একটি চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু মূল চরিত্রে থাকা অভিনেতার অন্য একটি কাজের সুযোগ আসায় শাহরুখকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়া হয়। কখনো কখনো পরিস্থিতি হঠাৎ বদলে যায়। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে। সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলাম। তখন পরিচালক বিশাল চতুর্বেদী আমাকে বললেন, এই সিনেমার নায়ক আমিই।’

শোভিনব সত্য জানান, ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়ে পেছনে থেকে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। একটি সিনেমার কাজ শেষ করে পরবর্তী চিত্রনাট্য লেখায় মন দেওয়াই তার স্বাভাবিক ধরন।

তবে নিম করোলি বাবার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও ভক্তিই তাকে সিদ্ধান্ত বদলাতে সহায়তা করে। এ বিষয়ে তিনি বলেন, ‘অভিনেতা হিসেবে পর্দায় আসতে চাইনি। কিন্তু সিনেমাটি যেহেতু আমার শ্রদ্ধার নিম করোলি বাবাকে নিয়ে, তাই রাজি হয়ে যাই।’

ভবিষ্যতে এমন সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন শোভিনব, যা শিশুরা পরিবারের সঙ্গে বসে দেখতে পারবে। একই সঙ্গে নির্মাতা সূরজ বরজাতিয়ার সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!