ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে নানা অপতৎপরতা চালানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। যেকোনো ষড়যন্ত্র, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সমাবেশ থেকে সন্ত্রাস ও নৈরাজ্যে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহ নাসিরউদ্দিন রুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান শামীম।
জেলা যুবদলের সভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির হোসেন। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।