ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নদীর পাড় কেটে মাটি বিক্রি, লিখিত অভিযোগেও থামেনি কারবার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২৯ নভেম্বর ২০২৬
নদীর পাড় কেটে মাটি বিক্রি, লিখিত অভিযোগেও থামেনি কারবার
মাটি লুট

কোথাও নদীর পাড় কেটে নেওয়া হচ্ছে মাটি, কোথাও ফসলি জমি খুঁড়ে তৈরি করা হচ্ছে বড় বড় গর্ত। একসময় যে জমিতে ফলত ধান ও নানা ধরনের ফসল, মাটি কেটে নেওয়ায় সেসব জমি হারাচ্ছে চাষাবাদের উপযোগিতা।

মাটিবাহী ভারী ট্রাকের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় সড়কও। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুর ছবুর খানের বিরুদ্ধে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না বলে দাবি এলাকাবাসীর। তাঁদের অভিযোগ, প্রভাব বিস্তার ও ভয়ভীতি দেখিয়ে নির্বিঘ্নে চলছে মাটি কাটার কাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, দরবাড়িয়া এলাকায় নদীর পাড় ও আশপাশের ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ কাজের সঙ্গে জড়িত আব্দুর ছবুর খান। মাটি কাটার ফলে কৃষিজমির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে জমির স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে নদীর পাড় থেকে মাটি সরিয়ে নেওয়ায় পাড়ের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, মাটি কাটার প্রতিবাদ করতে গেলে তাঁদের ভয়ভীতি দেখানো হয়। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে ছবুর খানের বিরুদ্ধে। অতীতে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করার পাশাপাশি বর্তমান সরকারের সময় নিজেকে বিএনপির লোক পরিচয় দিয়ে প্রভাব খাটানোর অভিযোগ করেছেন স্থানীয়রা। এ কারণে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
স্থানীয়দের ভাষ্য, বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানোর পরও মাটি কাটা বন্ধ হয়নি। প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরও কীভাবে একই স্থানে মাটি কাটার কাজ চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। দ্রুত সরেজমিন তদন্ত ও কার্যকর অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী।
শুধু দরবাড়িয়া নয়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায়ও কৃষিজমির মাটি কেটে বিক্রির অভিযোগ রয়েছে। এতে কৃষির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ ও গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয়দের মতে, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুর ছবুর খান বলেন, ‘কী করে খাব? আপনাদের একটা সম্মানী আছে। আসেন, এক জায়গায় বসে চা খাই।’
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘বিষয়টি দেখতে এসিল্যান্ডকে বলা হয়েছে। তিনি ওই স্থানে গেছেন কি না, তা আমি জানি না।’

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!