ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ১০ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা প্রায় ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫টি চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার যমুনা নদীর তেওতা ও জাফরগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আরিচা ঘাটের অদূরে যমুনা নদীর পাড়ে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা মৎস্য কার্যালয়, থানা-পুলিশ, নৌপুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮৫টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় কাজ করছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা ইলিশ শিকার করবে বা নদীতে জাল ফেলবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জাতীয় এ সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!