মুশফিকের প্রিয় ১৫ মুহূর্ত: ষষ্ঠ পর্ব
টেকনিক্যালি বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান বলা হয় মুশফিকুর রহিমকে। প্রায় ১৫ বছর আগে ২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তার অভিষেক হয়েছিল। আর কিছুদিন পরই মিস্টার ডিপেন্ডেবলের আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের ১৫ বছর পূর্ণ হবে।
করোনাভাইরাসের কারণে বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন মুশফিক। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় দশক পূর্তির এই সময়ে খেলা না থাকায় ভক্তদের সঙ্গে নিজের প্রিয় ১৫ মুহূর্ত ভাগাভাগি করছেন তিনি। এ বিষয়ে গত মঙ্গলবার (১২ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন সাবেক টাইগার অধিনায়ক। সেখানেই মুশফিক ভক্তদের বলেছিলেন, ‘ঘরে বসে থাকায় আসুন স্মৃতি ফিরে দেখি। আগামী ১৫ দিনে আমি ক্যারিয়ারের সেরা ১৫টি মুহূর্ত ভাগ করে নেব।’
‘ফিফটিন ইয়ারস’ হ্যাশট্যাগে রোববার নিজের ষষ্ঠ প্রিয় মুহূর্ত জানান মুশফিক। সেখানে একটি মুহূর্ত না রেখে ২০১৫ সালের কয়েকটি স্মৃতিকে একসঙ্গে রেখেছেন এই ব্যাটসম্যান। এ ব্যাপারে তিনি লেখেন, '১৫ বছরের ক্যারিয়ারে সবচেয়ে বিশেষ বছরগুলোর ভেতর একটি হল ২০১৫ সাল। ২০১৪ সালের বাজে সময়ের পর আমাদের এমন ভালো একটি বছর প্রয়োজন ছিল। ক্রিকেটে আমাদের অসাধারণ একটি মৌসুম কেটেছিল!'
মিস্টার ডিপেন্ডেবল এই বছরের প্রিয় মুহূর্তগুলো হলো- বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়, যার মাধ্যমে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর যথাক্রমে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ও ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়।
প্রতিটি মুহূর্তকে বিশেষ আখ্যা দিয়ে মুশফিক আরো লেখেন, 'এই জয়গুলোর কোনোটিই কারো চেয়ে বড় নয়। এটা ছিল কৃতিত্বপূর্ণ একটি বছর। এই বছরেই আমরা বিশ্বের দরবারে আলাদাভাএ নিজেদের উপস্তিতি জানান দেই।'